রাজধানীর কলাবাগানে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার তদন্তের স্বার্থে আসামি ফারদিনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আজ রোববার আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি নিয়ে ডিএনএ পরীক্ষার অনুমতি দেন আদালত। এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা আলামতের তালিকা আদালতের কাছে জমা দেওয়া হয়।
এই মামলায় গ্রেপ্তার আসামি ফারদিন ইফতেখার দিহান গত শুক্রবার ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামি এখন কারাগারে আছেন। ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে কিশোরীর বন্ধুকে আসামি করে নিহতের বাবা কলাবাগান থানায় গত বৃহস্পতিবার রাতে মামলা করেন। মামলায় ফারদিনকে আসামি করা হয়।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কলাবাগানে বন্ধুর (আসামি) বাসায় অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীকে আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কিশোরীর পরিবারের অভিযোগ, কৌশলে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।