আসামির দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমান্ডের আসামির দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের শুধু দুই সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামির তালিকায় নেই অভিযোগ ওঠা উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানের নাম। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
গতকাল শুক্রবার রাতে ওই আসামির ছোট স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, ওই দুই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ধর্ষণের ঘটনার সঙ্গে দুই সোর্সের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। এসআই আতাউর এ ঘটনার সঙ্গে জড়িত নন। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ডাকাতি মামলায় ২৯ আগস্ট নগরের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার এক সবজি বিক্রেতাকে (৩৫) গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। তিনি অতীতে পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও সম্প্রতি তা ছেড়ে দেন। গত বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তারকৃত ব্যক্তির এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর রিমান্ডের জন্য তাঁকে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়।
ওই আসামির বাবা ও দুই স্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানার একজন উপপরিদর্শকের (এসআই) দুই সোর্স নজরুল ইসলাম ওরফে তোতলা নজরুল ও শুভ তাঁদের ফোন করেন। এ সময় বলা হয়, ২৫ হাজার টাকা নিয়ে এসআইয়ের সঙ্গে দেখা করলে তাঁদের স্বামীকে রিমান্ডে নির্যাতন করা হবে না। রাত সাড়ে ১০টার দিকে দুই স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানার অদূরে নজরুল ও শুভর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের পাশের একটি বাড়ির একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে দেনদরবারের একপর্যায়ে দুই স্ত্রী নজরুল ও শুভকে ছয় হাজার টাকা দেন। বাকি ১৯ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় দুজনকে পৃথক কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন নজরুল ও শুভ। রাত সাড়ে ১২টার দিকে এসআইও ওই ফ্ল্যাটে এসে আসামির দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণ করেন। রাত দুইটার দিকে দুই স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের স্বামীকে সামনে হাজির করিয়ে দেখানো হয়, তাঁকে মারধর করা হয়নি। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তখন তাঁর দুই স্ত্রী আদালতপাড়ায় কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: