পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম কার্যালয়ে হাজতখানা নেই। ফলে আসামি গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমে ভাটা পড়ছে। কোনো আসামিকে গ্রেপ্তার করলে কিংবা জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে তদন্তে ক্লু উদ্ঘাটনের চাইতে আসামির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হচ্ছে কর্মকর্তাদের।
সরেজমিনে নগরের দামপাড়া পুলিশ লাইনের পাশে ফরেনসিক ল্যাব ভবনে অবস্থিত সিআইডি চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে দেখা গেছে, তদন্ত কর্মকর্তারা তাঁদের কার্যালয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। সন্ধ্যার আগেই আসামিকে কোথায় রাখবেন, তা নিয়ে চিন্তিত তদন্ত কর্মকর্তারা। নিজস্ব হাজতখানা না থাকায় আসামিকে পার্শ্ববর্তী যেকোনো থানার হাজতখানায় রাখতে হবে। এ জন্য থানার পুলিশকে অবহিত করে গাড়ির ব্যবস্থা করতে হবে। রাতে যাতে আসামি নিরাপদে থাকেন, সেই ব্যবস্থাও করতে হয়। এসব কারণে মামলার তদন্তের চাইতে আসামির নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকতে হয় বলে একাধিক সিআইডি কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল দাশ প্রথম আলোকে জানান, ক্লুবিহীন মামলাগুলো তদন্তের জন্য সিআইডিতে আসে। বাঁশখালীর অ্যাডভোকেট শাহ আলম হত্যা মামলায় কোনো ক্লু ছিল না। নোয়াখালী থেকে কিছুদিন আগে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন ওই আসামি। কিন্তু আসামিকে সিআইডির হেফাজতে রাখা, জিজ্ঞাসাবাদ করতে গলদঘর্ম হতে হয়। প্রথমে আসামির নিরাপত্তার জন্য রিজার্ভ ফোর্স থেকে পুলিশ আনা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতে আসামিকে কোন থানায় রাখা হবে, সেই ব্যবস্থা করে রাখতে হয়। আবার আসামিকে থানায় নিতেও গাড়ির জন্য ধরনা দিতে হয় থানায়।
চট্টগ্রাম সিআইডিতে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারের প্রায় ২৩৭টি চাঞ্চল্যকর মামলার তদন্ত করছেন কর্মকর্তারা। এসব মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তারা বিপাকে পড়ায় তদন্তও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম সিআইডির নিজস্ব ভবন তৈরি না হওয়া পর্যন্ত এর কোনো সুরাহা হবে না। তবে জরুরি ভিত্তিতে যেকোনো একটি কক্ষকে হাজতখানা হিসেবে ব্যবহার করলে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম সহজ হতো বলে একাধিক সিআইডি কর্মকর্তা মত প্রকাশ করেছেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ‘হাজতখানা না থাকায় আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে চিন্তায় থাকতে হয় তদন্ত কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাঁরা। এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিগগিরই একটি কক্ষকে হাজতখানা হিসেবে চালু করা হবে।’