চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার আসামি শাহ সেলিমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত আগামী ১ মার্চ পরবর্তী দিন ধার্য রাখেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিমের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতকে বলেন, হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দেওয়া হয়নি। চিকিৎসক হিমাদ্রীর যে প্রতিবেদন দিয়েছেন তাতে কুকুরের কামড়ের আঘাত পাওয়ার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। মৃত্যুর পর ময়নাতদন্ত প্রতিবেদনে যা উঠে এসেছে সেটি বানানো। পরে আদালত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ১ মার্চ পরবর্তী তারিখ ধার্য রাখেন।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।