প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আমলি আদালতে পলাতক আসামির পক্ষে হাজিরা দিতে এসে কমিরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি এখন কারাগারে। কমিরুলের বাড়ি সদর উপজেলার মাগুড়া এলাকায়। তিনি ওই এলাকার ঈসা হকের ছেলে। ২০১৩ সালের ৯ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার সরকারপাড়া এলাকার সাদেকুল ইসলাম উপজেলার তেলিপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে কুট্টিসহ (২৪) ১১ জনকে আসামি করে থানায় একটি মারামারি মামলা করেন। এ মামলার অন্য ১০ আসামি জামিনে থাকলেও মামলার ১০ নম্বর আসামি কুট্টি দীর্ঘদিন পলাতক থাকায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত মঙ্গলবার ছিল ওই মামলার শুনানির দিন। এদিন কুট্টির পরিবর্তে কমিরুল ইসলামসহ অপর ১০ আসামি আদালতে হাজির হন। বিষয়টি টের পেয়ে আদালতের বিচারক এস এম সফিকুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।