আসামির পরিবর্তে অন্যজনকে গ্রেপ্তার প্রতিবাদে মানববন্ধন
হত্যা মামলার আসামির পরিবর্তে আজিম আলী নামে এক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে নতুন হুজরাপুরবাসীর পক্ষে মানববন্ধন করা হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়।গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশের এই গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জনিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, মিজানুর রহমান, শাহজালাল শাহীন, গ্রেপ্তার হওয়া আজিম আলীর স্ত্রী পারভীন আক্তার সুমী প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহে নূহু হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ব্যাপারে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। এই মামলার ৬ নম্বর আসামি বিড়ালদহের আবদুল খালেকের ছেলে মো. মিঠুন (৩২)। ৩১ অক্টোবর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুন হুজরাপুরে (উসকাঠিপাড়া) মিঠুনকে গ্রেপ্তার করতে এসে চাঁপাইনবাবগঞ্জের নামো রাজারামপুর মহল্লার আজিম আলীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।নূহু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও আজিম আলীকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্বদানকারী পুঠিয়া থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আজিম আলীকে আসামি মিঠুন হিসেবে নয়, আজিম হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজিম আলীর শ্বশুর তবজুল হক অভিযোগ করেন, ‘আমরা মামলার বাদীপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে পুঠিয়া থানায় গিয়েছিলাম। তাঁরাও (বাদীপক্ষ) পুলিশকে বলেছেন যে আজিম আলীর বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই। কিন্তু পুলিশ সে কথা শোনেনি।’