আসামির পলায়ন চার পুলিশ প্রত্যাহার তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ আদালত থেকে গত বুধবার সেলিম মিয়া (৫০) নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সেলিম মাদক (গাঁজা) মামলার চার বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় ওই দিন রাতেই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের মাদক মামলায় বিজয়নগরের কাশেমপুর গ্রামের লাল মিয়ার ছেলে সেলিমকে ওই চার বছরের সাজা দেন আদালত। দীর্ঘদিন ধরে সেলিম পলাতক ছিলেন। খবর পেয়ে কাশেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গত বুধবার সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ওই দিন বেলা তিনটায় আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় আদালত থেকে আসামিদের জেলা করাগারে পাঠানোর জন্য গণনার সময় একজন আসামি কম পায় পুলিশ। এ সময় পুলিশ সেলিমের পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারে। পরে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দিন রাতে আদালতের সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল জহিরুল ইসলাম, আবদুল হামিদ ও মোস্তাফিজুর রহমানকে আদালত থেকে প্রত্যাহার করা হয়।
তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার সদর (সদর দপ্তর) শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ মুঠোফোনে গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া সেলিমের পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে।