আসামির পলায়ন: চার পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামি মোস্তফা হোসেন রানা পালিয়ে যাওয়ার ঘটনায় আজ সোমবার পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, এক দিন পেরিয়ে গেলেও সেই আসামির কোনো হদিস পায়নি পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় হালিশহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাক, কনস্টেবল গোপিনাথ, সাইদুল ইসলাম ও জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির জানান, পলাতক মোস্তফা হোসেন রানাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন দেওয়া হয়েছে।

গত শনিবার রাতে হালিশহর বি-ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে মোস্তফা হোসেন রানাসহ চারজনকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে করা মামলায় গতকাল রোববার বিকেলে চার আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁদের নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল হালিশহর থানার এএসআই আবদুর রাজ্জাকের। আদালত ভবনে নিয়ে যাওয়ার পর কোর্ট পুলিশকে আসামি বুঝিয়ে দেওয়ার আগে মোস্তফা হোসেন রানা পালিয়ে যান।