‘ট্যাকা পাইয়া আমি খুবই খুশি। অহন আর প্রাইভেট পড়া বন্ধ অইব না। আমি আরও পড়তে পারবাম।’ এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়ে এ কথা বলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এসিডদগ্ধ হনুফা আক্তার বিউটি। হনুফা আরও বলেন, ‘আমারে যারা এসিড মারছে, হেরার যেন ফাঁসি অয়।’হনুফার মা জোবায়দা আক্তার বলেন, ‘মেয়ের লেখাপড়ার জন্য খরচ চালাইতাম পারি না। মাস শেষে অহন আর ট্যাকার জন্য চিন্তার করন লাগদো না।’প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শিক্ষাবৃত্তি হিসেবে হনুফার হাতে এককালীন দুই হাজার ৫০০ টাকা ও মাসিক কিস্তির এক হাজার টাকা তুলে দেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন। হনুফা এই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। তিনি যত দিন পড়ালেখা করবেন, তত দিন প্রতি মাসে এক হাজার টাকা স্থানীয় সোনালী ব্যাংকে তাঁর নিজস্ব অ্যাকাউন্টে জমা হবে।২০১০ সালের ১৬ এপ্রিল রাতে ঘরের বাইরে বের হলে হনুফার ওপর দুই তরুণ এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়েছে। প্রায় এক মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। আসামি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে (২৩ বীর ব্রিগেডে ‘এ’ কোম্পানি) কর্মরত মোফাজ্জল হোসেন ও তার সহযোগী নুরুল আমিন। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।হনুফার শিক্ষাবৃত্তির অর্থ হস্তান্তর উপলক্ষে মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. রুহুল আমীন, শিক্ষক মো. মতিউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর রাবেয়া আক্তার, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী (এসিড) ফেরদৌস ফয়সাল, সাংবাদিক ম. নূরুল ইসলাম, রণজিৎ কুমার রায়, মো. আবুল কাসেম, মো. আ. কদ্দুছ, সুপ্রিয় ধর, সুপক রঞ্জন উকিল, শংকর ঘোষ প্রমুখ।কলেজের অধ্যক্ষ বলেন, ‘হনুফার ব্যাপারে আমি কিছুই জানতাম না। মেয়েটিকে সহায়তা করে প্রথম আলো ভালো কাজ করেছে।’ফেরদৌস ফয়সাল বলেন, প্রথম আলোর এই কার্যক্রম সারা দেশে চলছে। যারা এসিড সন্ত্রাসের মতো জঘন্য কাজ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং এসিডের বিরুদ্ধে এলাকায় জনসচেতনতা গড়ে তোলা দরকার।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর গৌরীপুর প্রতিনিধি।