ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিরা আক্তারের (১১) হত্যাকারীর বিচারের দাবিতে গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে হত্যা মামলার আসামি শাজাহান হাবিবের (২০) ফাঁসি চেয়ে নাজিরার মা মাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
নাজিরা হত্যার বিচারের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত শনিবার মাসকান্দা এলাকায় জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের সামনে এলাকাবাসী বিক্ষোভ করে। শনিবার ও রোববার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা দুই দিনের কর্মবিরতি পালন করেন।
গতকাল সরেজমিন দেখা যায়, বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেন। এতে নাজিরার বাবা ইউনুছ মিয়া ও মা মাজেদা খাতুন উপস্থিত ছিলেন। এ সময় মাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি হাবিবের ফাঁসি দাবি করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তারা ‘আমার বোনের হত্যাকারীর বিচার চাই’ বলে স্লোগান দেয়। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নাজিরাকে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গলা কেটে হত্যা করা হয়। এ অভিযোগে শুক্রবার নাজিরার বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হাবিবকে একমাত্র আসামি করে মামলা করেন। হাবিব ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়ি চালাতেন। সাংসদের সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতেই হাবিবকে আটক করে পুলিশ। গত শনিবার হাবিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও নাজিরার পরিবার সূত্র জানায়, নাজিরাকে বিয়ের প্রস্তাব দেন হাবিব। এতে নাজিরা ও তার পরিবার রাজি না হওয়ায় হাবিব খেপে যান।