মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু আসামিকে না পেয়ে তাঁর বাবা ছাতির মিয়াকে ‘আটক’ করে। হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় টিলা থেকে পড়ে ছাতিরের মৃত্যু হয় বলে স্বজনেরা দাবি করেছেন। গত বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ বলছে, ছাতিরকে আটক করা হয়নি। ভয়ে পালাতে গিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
পুলিশের ভাষ্যমতে, ছাতির মিয়ার (৫০) ছেলে শিপন মিয়া (২৫) একজন সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। শিপনকে গ্রেপ্তারে ডিবির একটি দল বৃহস্পতিবার ভোরে কালেঙ্গা গ্রামে অভিযান চালায়। কিন্তু টের পেয়ে শিপন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় ডিবির ভয়ে দৌড়ে পালাতে গিয়ে টিলার ওপর থেকে পড়ে শিপনের বাবা ছাতিরের মৃত্যু হয়। এরপর ছাতিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে ছাতিরের স্ত্রী সখিনা বেগম (৪৮) প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শিপনকে না পেয়ে ডিবি তাঁর বাবা ছাতিরকে আটক করে। পরে হাতকড়া লাগিয়ে তাঁকে ধরে নিয়ে যায়। এতে আপত্তি জানালে তাঁদের লাঠিপেটা করা হয়। পরে ডিবি নিয়ে যাওয়ার সময় ছাতির ভয়ে হাতকড়াসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে টিলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
সখিনা গতকাল শুক্রবার বলেন, অভিযানে অংশগ্রহণকারী শিপনের প্রতিপক্ষ মঞ্জু, জুবেদকে আসামি করে বৃহস্পতিবার রাতে তিনি থানায় হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু ওই দুজনের নাম থাকায় ওসি অভিযোগ গ্রহণ করতে রাজি হননি। তবে থানার উপপরিদর্শক জাহিদুল হক বলেন, নিহত ব্যক্তির পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেননি।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ছাতিরের মৃত্যুর ঘটনায় কালেঙ্গা গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আসলে তাঁকে (ছাতির) হাতকড়া পরানো হয়নি। তিনি ভয়ে নিজ থেকেই দৌড়াতে গিয়ে টিলা থেকে পড়ে মারা গেছেন। তাঁর ছেলে শিপন একজন সাজাপ্রাপ্ত আসামি। শিপন ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।