আসামির বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদলের নেতা মো. শাকের হত্যা মামলার প্রধান আসামি সিরাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে শাকের হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত রোববার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকেরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, শাকেরের বাবা মোশারফ হোসেন গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় যুবদলের নেতা মোশারফ হোসেন ওরফে হারুনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ছয়-সাতজনকে।

স্থানীয় সূত্র জানায়, যুবদলের নিহত নেতা শাকেরের লাশ দাফনের পর তাঁর সহকর্মী ও এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজপুরের বাগানবাড়ি এলাকায় কোম্পানীগঞ্জ-কবিরহাট সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তাঁরা মামলার আসামি মোশারফ হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় হারুনদের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিসংযোগের সময় মোশারফ কিংবা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। দরজায় তালা ঝোলানো ছিল। আগুনে বসতঘরের দরজা-জানালার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। একই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।

এদিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে হত্যার ঘটনায় গত সোমবার রাতে উপজেলা যুবদলের জরুরি বৈঠক হয়। বৈঠকে যুবদলের নেতা মোশারফ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন ওরফে হারুনকে স্বীয় পদ থেকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।