রাজশাহীর বাগমারা উপজেলার খয়রা বিলে গুলি করে জেলে হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করতে পারেনি সংঘর্ষের সময় ব্যবহূত অবৈধ অস্ত্রও।
উল্টো প্রভাবশালী আসামিদের রক্ষায় তাঁদের বাড়িঘর পুলিশ পাহারা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
মামলার এজাহার সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ নভেম্বর খয়রা বিলের দখলদারেরা দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে জেলেদের লক্ষ্য করে ২০-২৫টি গুলি ছোড়েন। এ সময় আশরাফুল ইসলাম নামের এক জেলে নিহত হন। পরের দিন নিহত ব্যক্তির ভাই জাকির হোসেন দখলদার শ্রীপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, তাহেরপুরের পৌর মেয়র আবুল কালাম আজাদ, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলীসহ ৩৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী রহমত আলী, আবুল হোসেনসহ অন্যরা জানান, দখলদারদের হাতে অনেক অস্ত্র ছিল। অথচ এ পর্যন্ত পুলিশ কোনো অস্ত্রই উদ্ধার করতে পারেনি। কোনো আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি; বরং আসামিরা প্রভাবশালী হওয়ায় তাঁদের রক্ষার চেষ্টা করছে। প্রধান আসামি মকবুলের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি পাহারা ছিল।
নিহত ব্যক্তির বাবা আবেদ আলী অভিযোগ করেন, পুলিশ কোনো আসামিকে ধরতে অভিযান চালায়নি। তা ছাড়া আসামিদের কাছে এখনো ওই সব অস্ত্র রয়ে গেছে। পুলিশ তো তাঁদের বাড়িঘর পাহারা দিচ্ছে। জেলেরা এখনো ঝুঁকিতে আছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, খয়রা বিলের দখলদারদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত এলাকাবাসী নিরাপদ নন।
থানার ওসি আবদুল হামিদ জানান, চেয়ারম্যান মকবুলের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার আশঙ্কায় পাহারা বসানো হয়েছিল। তবে এখন আর পাহারা নেই। মকবুলসহ অন্য আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধার করা যায়নি।