পুরান ঢাকার গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা দীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শরিফুল ইসলামের বাড়িতে গত রোববার হামলার চেষ্টা করেছেন নিহত ব্যক্তির সমর্থকেরা। এ সময় দুই পক্ষের ইটপাটকেলের আঘাতে গেন্ডারিয়া থানার অপারেশন কর্মকর্তা সুভাষ কুমার পাল আহত হন।দীন ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম ও একই সংগঠনের যুবরাজ হোসেন ওরফে জুয়েলকে গতকাল সোমবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দীন ইসলাম হত্যার প্রতিবাদে গত রোববার বেলা আড়াইটার দিকে তাঁর সমর্থকেরা মিছিল নিয়ে কেবি রোডে শরিফুলের বাড়ির সামনে চড়াও হন। পুলিশের বাধায় তাঁরা বাড়িতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং প্রধান ফটকে লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এ সময় ওই বাড়ি এবং আশপাশ থেকে মিছিল লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশ কর্মকর্তা সুভাষ মাথায় আঘাত পান। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিছিলকারীরা গেন্ডারিয়া পোস্ট অফিসের গলিতে ধাওয়া করে সুমন নামের এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, মিছিলটি শরিফুলের বাড়ি অতিক্রমের সময় বাড়িটি থেকে ককটেল নিক্ষেপ করা হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাড়ি থেকে মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে থানার অপারেশন কর্মকর্তা সুভাষ আহত হন। অপারেশন কর্মকর্তার ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে। সুমনকে দীন ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলা তদারককারী ও পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক বলেন, মিছিলটি শরিফুলের বাড়ি অতিক্রমকালে ওই বাড়ি ও আশপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে অনেক বিষয় জড়িত।