আসামির বিচারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিরা আক্তার হত্যা মামলার একমাত্র আসামি শাজাহান হাবিবের ফাঁসির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। নাজিরার বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী এসব কর্মসূচিতে অংশ নেন।
পুলিশ, জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাঁরা শাজাহান হাবিবের (২২) ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী নাজিরার মাসহ উপস্থিত সবাইকে আসামির বিচারের আশ্বাস দিয়ে স্মারকলিপিটি গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে নাজিরাকে (১১) অপহরণ করে নিয়ে যাওয়ার পর গলা কেটে হত্যা করা হয়। এ অভিযোগে পরদিন নাজিরার বাবা ইউনুছ মিয়া কোতোয়ালি মডেল থানায় শাজাহান হাবিবকে একমাত্র আসামি করে মামলা করেন।