আসামির রিভলবার হাজিরের নির্দেশ আদালতের
অস্ত্র মামলার এক আসামিকে জামিন দিয়ে জব্দ করা রিভলবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিভলবারের বিষয়ে মামলার প্রাথমিক বিবরণী ও অভিযোগপত্রে দুই রকম তথ্য থাকায় ওই রিভলবারটি আগামী ২১ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন পর্যন্ত আসামিকে জামিন দেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, কাফরুল থানায় করা একটি অস্ত্র মামলায় গত ৩০ মার্চ গ্রেপ্তার হন তাজুল ইসলাম খান নামের এক ব্যক্তি। মামলার প্রাথমিক বিবরণী অনুযায়ী, তাজুলের কাছ থেকে জব্দ করা রিভলবারটি যুক্তরাষ্ট্রের তৈরি। কিন্তু তদন্ত শেষে কাফরুল থানা-পুলিশ গত ২৮ জুন এই আসামির বিরুদ্ধে যে অভিযোগপত্র আদালতে জমা দেয়, তাতে বলা হয় জব্দ করা রিভলবারটি দেশে তৈরি এবং তা অকেজো।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আসামি তাজুলের জামিন শুনানির সময় (গত সপ্তাহে) বিষয়টি আদালতের নজরে এলে আদালত সিআইডির পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (ফরেনসিক), পরিদর্শকসহ (ব্যালিস্টিক) পাঁচ পুলিশ কর্মকর্তাকে হাজির থাকতে বলেন। আজ তাঁরা আদালতে হাজির হন। পরে আদালত আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তাজুলের জামিন মঞ্জুর করেন। সেদিনই জব্দ করা রিভলবারটি আদালতে উপস্থাপন করার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন।