নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের (বর্তমান সংস্কৃতিমন্ত্রী) গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার আসামি ছাত্রদলের নেতা আতিকুর রহমানের (২৬) লাশ উদ্ধারের পর সৈয়দপুর থানায় হত্যা মামলা করেছে পুলিশ।
গত সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের নাড়িয়ার ডাঙ্গা এলাকা থেকে আতিকুরের লাশ উদ্ধারের পর রাতে এই মামলা করা হয়। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আতিকুর নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার বিকেলে আতিকুরের লাশের ময়নাতদন্ত শেষে রাত নয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ মামলার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির প্রথম আলোকে জানান, সোমবার সকালে সৈয়দপুর বাইপাস সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের পর তাঁর স্বজনেরা তাঁকে শনাক্ত করেন। এরপর বিকেলে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আতিকুরের পরিবার থেকে কোনো মামলা করা হবে কি না, এ বিষয়ে জানতে চাইলে আতিকুরের বড় ভাই আমিনুল ইসলাম এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) ও সাংসদ নূরের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার বাদী বাবুল আকতার বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেলে জেলা সদরের রামগঞ্জ বাজারে তৎকালীন সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার সময় আওয়ামী লীগের চার নেতা-কর্মী নিহত হন। তাঁদের একজন টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর হত্যার ঘটনায় তাঁর চাচাতো ভাই রাশেদ আলম চৌধুরী বাদী হয়ে ১ জানুয়ারি নীলফামারী আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আতিকুর রহমানকে ৪ নম্বর আসামি করা হয়।