আসামির সঙ্গে প্রকল্প উদ্বোধন করলেন আওয়ামী লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর তাণ্ডবের অন্যতম হোতা পাঁচ মামলার আসামি ইকবাল হোসেন চৌধুরী (গোলচিহ্নিত)। তাঁর ডানে ওই দিনের হরতালবিরোধী মিছিলে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম । ছবি: প্রথম আলো
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর তাণ্ডবের অন্যতম হোতা পাঁচ মামলার আসামি ইকবাল হোসেন চৌধুরী (গোলচিহ্নিত)। তাঁর ডানে ওই দিনের হরতালবিরোধী মিছিলে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম । ছবি: প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়িতে গত বছরের ১১ এপ্রিল আলোচিত ভূজপুর তাণ্ডবের অন্যতম পরিকল্পনাকারীর সঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠানে মামলার এজাহারভুক্ত আসামিকে দেখে দলীয় নেতা-কর্মী বিস্ময় প্রকাশ করেছেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হারুয়ালছড়িতে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। প্রথমে পেয়ারুল ইসলাম বেলা তিনটার দিকে ৫০ লাখ টাকা ব্যয়ে হারুয়ালছড়ি হাসপাতাল সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এরপর পৌঁছান ইউনিয়নের কোম্পানি টিলা এলাকায়। সেখানে এক কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আঁধারমানিক বড়বিল সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।
বিকেলে কোম্পানি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে সভাপতিত্ব করেন ওই তাণ্ডবের ঘটনায় দায়ের করা পাঁচ মামলার অন্যতম আসামি ও ঘটনার পরিকল্পনাকারী হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন তাণ্ডবে হামলার শিকার ও সেই দিনের জামায়াত-হেফাজতের হরতালবিরোধী মিছিলের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম। একই অনুষ্ঠানে বক্তব্য দেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বশর চৌধুরী বলেন, ‘এসব নোংরা রাজনীতির সঙ্গে আমি জড়িত নই। তাণ্ডবকারীদের সঙ্গে কোনো আপস হবে না। এটি দলীয় নেতার অপরাজনীতির অংশ।’
উপজেলা আওয়ামী লীগের নেতা ও হারুয়ালছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান হাসান ছরওয়ার আজম চৌধুরী পুলিশের উপস্থিতির বিষয়ে বলেন, ‘পুলিশের কথা বলে লাভ নেই, যারা হামলার শিকার তারা থাকতে পারলে পুলিশ পারবে না কেন?’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ‘ইকবাল হোসেন চৌধুরী এজাহারভুক্ত আসামি। তবে আমি জানি তিনি এখন জামিনে মুক্ত। তাই আমি মঞ্চে তাঁর পাশে বসেছি।’
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহিদুল্লাহ বলেন, ‘বিষয়টি তিনি অবগত নন। তবে তিনি খবর নিয়ে দেখবেন।’
হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘দলীয় নেতা হিসেবে পেয়ারুল সাহেবকে আমার এলাকায় দাওয়াত করেছি। সরকারি দলের একজন নেতা হিসেবে তাঁকে মূল্যায়ন করা হয়েছে।’
আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘তাণ্ডবের পর অনেকটা তড়িঘড়ি করে মামলা করতে গিয়ে ভুলভাবে অনেক নিরপরাধ লোককে আসামি করা হয়েছে। তাই আমরা উপজেলা আওয়ামী লীগের ১৩ জন নেতা মিলে যাচাই-বাছাই করে খোঁজখবর নিয়ে মামলা থেকে ইকবাল হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি। তাই আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’