চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার হত্যা মামলার আসামিদের সঙ্গে অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছির উদ্দিনের যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। একই সঙ্গে আলোচিত এ মামলাটি পরিচালনায় জেলা পিপি আবুল হাশেমকে বাদ দিয়ে দক্ষ কাউকে দিয়ে পরিচালানার জন্য সরকারকে অনুরোধ করেন।
জেলা পিপি গত বুধবার এক সংবাদ সম্মেলনে এপিপি নাছির উদ্দিনের বিরুদ্ধে ১১ হত্যা মামলার দুই আসামির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এপিপি নাছির উদ্দিন বলেন, ‘মামলার দুই আসামি আর্মি হাসান ও আবু তৈয়ব আমার এলাকার ছেলে হলেও তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আমি রাষ্ট্রপক্ষে থেকে সাজা করিয়েছি। বিন্দুমাত্রও ছাড় দিইনি।’
এপিপি নাছির উদ্দিন আরও বলেন, ‘পিপি হাশেম আমাকে কখনো বলেননি তিনি মামলাটি পরিচালনা করবেন। এমনকি মামলার নথিও চাননি আমার কাছে।’
তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গত সোমবার মামলা পরিচালনা নিয়ে জেলা পিপি ও এপিপির মধ্যে বাগিবতণ্ডা হলে বিচারক বিব্রত হয়ে নেমে যান। পরে জেলা পিপি সংবাদ সম্মেলন করে আসামির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে এপিপি থেকে নাছির উদ্দিনের নাম প্রত্যাহার করে নেন ক্ষমতাবলে। এরই জের ধরে গতকাল নাছির উদ্দিনও পাল্টা সংবাদ সম্মেলন করেন জেলা পিপির বিরুদ্ধে।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।