আসামির হয়ে হাজিরা দিতে গিয়ে দুই ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মামলায় দুই বছরের সাজা পাওয়া আসামি বদরুল আহসানের হয়ে হাজিরা দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে দুই ব্যক্তিকে। তাঁরা হলেন সামিরুল ইসলাম ও ইলিয়াস সরদার। আর বদরুল আহসান হলেন জয়েন্ট ভেঞ্চার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
আদালত সূত্র জানায়, বদরুল আহসানকে গত বছরের ২৭ আগস্ট ঢাকার মহানগর হাকিম প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছরের কারাদণ্ড দেন। মামলায় আসামি বদরুল আহসানকে পলাতক দেখিয়ে সাজা দেওয়া হয়।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রথমে আইনজীবী নজরুল ইসলামের মাধ্যমে গত ২৫ জুন দণ্ড পাওয়া আসামি বদরুল আহসান পরিচয়ে জামিন চান সামিরুল ইসলাম। আদালতের সন্দেহ হওয়ায় আসামি সামিরুলকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি বদরুল নন। ভুয়া আসামি সেজে আত্মসমর্পণ করার দায়ে আদালত তাঁকে দণ্ডবিধির ২০৫ ধারায় তিন মাসের কারাদণ্ড দেন। এরপর ইলিয়াস সরদার নামের আরেক ব্যক্তি ২৯ সেপ্টেম্বর বদরুল আহসান সেজে আত্মসমর্পণ করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে তাঁর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বিচারক হাসিবুল হক কারাগার থেকে গতকাল বুধবার আসামিকে হাজির করার আদেশ দেন। গতকাল ভুয়া আসামি ইলিয়াস সরদারকে আদালতে হাজির করা হয়। ইলিয়াস সরদার আদালতে স্বীকার করেন যে, তিনি বদরুল আহসান সেজে আত্মসমর্পণ করেছিলেন। তাঁর ভাতিজা রফিকুল ইসলাম তাঁকে আদালতে বদরুল আহসান সেজে কাঠগড়ায় দাঁড়াতে বলেন। তিনি ভুল স্বীকার করে আদালতে ক্ষমা চান। আদালত তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবীদের সংগঠন বার কাউন্সিলে আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি বদরুল আহসান তাঁর প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হয়ে ১৮ লাখ ৯৬ হাজার টাকার রড কেনেন। এর জন্য চেক দিয়ে তা ফেরত নেন। ব্যাংক হিসাব পরিচালনা বন্ধ করে দেন। পরে ওই প্রতিষ্ঠান টাকা চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। এই অভিযোগে ওই প্রতিষ্ঠানের পক্ষে ২০১১ সালের ২৩ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করা হয়। ওই মামলায় বদরুল আহসানের দুই বছরের কারাদণ্ড হয়।
এ বিষয়ে বদরুল আহসানের সঙ্গে কথা বলতে জয়েন্ট ভেঞ্চার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে এ প্রতিবেদকের নম্বর বদরুল আহসানের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান।