আসামির হুমকির ভয়ে আতঙ্কিত মামলার বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আমিরপুর গ্রামে শাশুড়ি হত্যার ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।আসামি মুঠোফোনে মামলার বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আতঙ্কে দিন কাটছে বাদী ও নিহতের দুই মেয়ের।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট আমিরপুর গ্রামের আতরজানকে (৫০) জবাই করেন তাঁর মেয়েজামাই মামুন হোসেন। এ ঘটনায় আতরজানের বোন শিমা কুলসুম মামলা করেছেন। মামলার বাদী অভিযোগ করেছেন, আসামি মামুন ফোন করে তাঁকে মামলা তুলে নিতে বলেছেন, অন্যথায় তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে ঘরে বসে দিনাতিপাত করছেন আতরজানের দুই মেয়ে রানিয়া ও ফাতেমা। জানতে চাইলে শিমা কুলসুম প্রথম আলোকে বলেন, ‘আসামির হুমকির ভয়ে বোনের দুই মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’ যোগাযোগ করা হলে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মুঠোফোনের কলের সূত্র ধরে পুলিশ আসামির অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে।