আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ওরফে বাপ্পী হত্যাকাণ্ডের সঙ্গে বাদশা খালেদ নামে স্থানীয় এক ব্যক্তি জড়িত। গত সোমবার বাপ্পী হত্যা মামলার এক আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা বলেন।
মামলার আসামি শাহাদাত হোসেন ওরফে রুবেল আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, বালু ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাদশা খালেদের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটে।
আওয়ামী লীগ সূত্র জানায়, বাদশা খালেদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলে তাঁর কোনো পদবি নেই। তিনি উপজেলা সদরের পুরান বিওসি এলাকার শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি।
জবানবন্দিতে বলা হয়, বাপ্পীকে হত্যার চার দিন আগে বাদশা খালেদের বাড়িতে হত্যার পরিকল্পনা করা হয়। সেখানে আসামি রুবেল, নিবিল, হিরু, শাহাদাত, শাহজাহান, আরমান ও আনিছ উপস্থিত ছিলেন। আসামিরা বাপ্পীকে হত্যার জন্য আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে থাকেন। পরে তাঁরা বাপ্পীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় বাপ্পীর মা জেসমিন আক্তার ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন। গত জুলাইয়ে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে দল তার দায় নেবে না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও বাদশা খালেদকে পাওয়া যায়নি।
২০১৩ সালের ১০ নভেম্বর রাতে মাহবুবর রহমানকে লোহাগাড়ার পুরান বিওসি এলাকায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।