খাগড়াছড়ির দীঘিনালায় মাছচাষি ফজলুর রহমান (৬০) ওরফে ফজলু মাঝি হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মজিবর রহমান (৪০) গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এর আগে জনতা মজিবর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাচিনসনপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ১ নম্বর মেরুং ইউনিয়নের ৪ নম্বর কলোনির বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, মজিবর রহমান ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে ফজলুরকে হত্যা করেন বলে স্বীকার করেছেন।দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) ইসরাফিল মজুমদার বলেন, মজিবর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। স্ত্রীর সঙ্গে পরকীয়ার কারণে ফজলুর রহমানকে হত্যা করেছেন বলে তিনি পুলিশের কাছেও স্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩ নভেম্বর গভীর রাতে মেরুং ৪ নম্বর কলোনি এলাকায় ফজলুর রহমান খুন হন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মজিবরকে দেখে ফেলে।হত্যাকাণ্ডের ঘটনায় ফজলুর রহমানের ছেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উত্তর মাশকা গ্রামের বাসিন্দা আজিজুল হক (৩৮) মজিবর রহমানকে আসামি করে হত্যা মামলা করেন।