বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থন ফরমে স্বাক্ষর করেননি আসামিরা। এ কারণে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আত্মপক্ষ সমর্থন করার ক্ষেত্রে আসামিরা তাঁদের অপরাধের বিষয় জানার অধিকার রাখেন। আইনজীবীরা বলেন, আইনানুযায়ী মামলার এজাহার, অভিযোগপত্রে এবং রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে উপস্থাপন করা সাক্ষীরা কে কী বলেছেন, আসামিকে তা পড়ে শোনাতে হবে এবং ফরমে তা উল্লেখ থাকতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই আসামিরা স্বাক্ষর করতে পারেন না। শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান পরবর্তী তারিখ ধার্য করেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিত্ দাসকে হত্যা করেন। এ মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক।