প্রায় দুই সপ্তাহ পরও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাহিদুল ইসলাম (২২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের কেউই গ্রেপ্তার হননি। পুলিশের দাবি, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা বলছেন, আসামিরা নিয়মিত ক্যাম্পাসে আসেন।গত ১৪ সেপ্টেম্বর লতিফ ছাত্রাবাসে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ কয়েকজন রাহিদুলকে বেদম প্রহার করে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২১ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান। ওই দিন দুপুরে রাহিদুলের বাবা মোসলেহ উদ্দিন বাদী হয়ে রাকিবুল ইসলামসহ ১৫ জন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন: হিমেল, সুমন, আসলাম, শাহীন, মেহেদী হাসান, তৌফিক, ফারদিন, এস এম এনামুল, সরোয়ার সুমন, রাসেল, নিক্সন, সংগ্রাম, মনির ও নিয়াজ। তবে তাঁদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, লতিফ ছাত্রাবাসের ২২৩ নম্বর কক্ষে রাহিদুলকে মারধর করা হয়েছিল। ওই কক্ষ থেকে গত মঙ্গলবার রাতে সবুজ ও মামুন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একদিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত। তবে এ কয়েক দিন বিভিন্ন ঘটনায় নিরাপত্তার দায়িত্ব থাকায় তাঁদের রিমান্ডে আনা যায়নি। আগামীকাল রোববার তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে শামসুল আলম বলেন, ‘তাঁরা পলাতক। তবে শুনেছি তাঁরা মাঝেমধ্যে হলে আসেন।’ ওই সময় কেন তাঁদের গ্রেপ্তার করা হয় না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই সময় আমার ডিউটি থাকে না।’তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আসামিদের অবস্থান সম্পর্কে সংবাদ পেলে তাঁদের গ্রেপ্তার করা হবে। ডিউটি না থাকলেও তদন্ত কর্মকর্তা থানাকে অবহিত করলে এ ব্যাপারে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রাহিদুলের বাবা মোসলেহ উদ্দিন অভিযোগ করেন, মামলা তুলে নিতে মুঠোফোনে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি থানাকে অবহিত করেছেন বলে জানান।