আসামিরা গরহাজির, পেছাল রায়ের দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ বুধবার ওই মামলার রায় ঘোষণা করার কথা ছিল।
কারাগার থেকে মামলার আসামিদের আদালতে হাজির না করায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি তাসলিমা ইয়াসমিন জানান, নিরাপত্তাজনিত কারণে আসামিদের হাজির না করায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন আদালত।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ভোরে মারা যান জুবায়ের।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।