আসামিরা গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত পাঁচজনের স্বজনেরা৷ তাঁরা গতকাল বুধবার এ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এ ক্ষোভ জানান৷
এদিকে র‌্যাব-১১-এর সাবেক দুই কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর (অব.) আরিফ হোসেনের পাঁচ দিনের রিমান্ড আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে৷ নিহতদের পরিবারের সদস্য ও সাক্ষীদের হুমকির অভিযোগে কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷
সাত খুনের ঘটনায় নিহত পাঁচজনের স্বজনদের ডেকে গতকাল কথা বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। তাঁর সঙ্গে কথা বলতে দুপুর পৌনে ১২টার দিকে শহরের খানপুরে জেলা ডিবি কার্যালয়ে যান ওই পাঁচ পরিবারের সদস্যরা৷
সূত্র জানায়, তদন্তকারী কর্মকর্তা নিহত কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম, ছোট ভাই আবদুস সালাম এবং নিহত মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, জাহাঙ্গীর ও লিটনের পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহৃত হন৷ ৩০ এপ্রিল তাঁদের ছয়জনের ও ১ মে একজনের লাশ বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়৷ এ ঘটনায় আরেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়েছে৷
তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা এ জেলায় নতুন আসায় তিনি আগের অনেক ঘটনা আমাদের কাছে জানতে চেয়েছেন। ২৭ এপ্রিল অপহরণ-পরবর্তী ঘটনা এবং লাশ উদ্ধার সম্পর্কেও জানতে চেয়েছেন। আমরা তাঁকে বিস্তারিত জানিয়েছি। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। জবাবে তদন্তকারী কর্মকর্তা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’
শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তদন্ত কর্মকর্তাকে বলেছেন, হাজীর বিরিয়ানি এবং নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে খাবার খাইয়ে জামাই আদরে রেখে র‌্যাবের সাবেক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এভাবে জিজ্ঞাসাবাদ করলে কিছুই বের হবে না। তিনি বলেন, শহরের পুরান কারাগারে অবস্থিত র‌্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসে সাতজনকে হত্যা করা হয়েছে৷ ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন অবসরে পাঠানো লে. কমান্ডার এম এম রানা। তাই রানা এবং ওই ক্যাম্পের এএসপি রবিউলকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে। আগের ডিসি-এসপি সব জানেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন। এটা অন্য কিছু নয়। মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা যাচ্ছে না৷
র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আদালতে হাজির করা হচ্ছে আজ: র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা তারেক সাঈদ ও আরিফ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। গত শনিবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়৷ পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে৷ তবে জিজ্ঞাসাবাদে তাঁরা কী বলেছেন, সে সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করছে পুলিশ৷
গ্রেপ্তার হওয়া র‌্যাবের অপর সাবেক কর্মকর্তা এম এম রানাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷
হুমকির অভিযোগে জিডি: নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই রিপন অভিযোগ করেছেন, তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে৷ এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘হত্যার বিচার চেয়ে এখন আমরা নিজেরাই নিরাপত্তাহীনতায় রয়েছি।’
নজরুলের শ্যালক সাইদুল ইসলামকে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম গত মঙ্গলবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন।
১৭ মে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের রেস্টহাউসে তদন্ত কমিটির শুনানিতে অংশ নেওয়ায় অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম খোকনকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান৷ তিনি খোকনকে জিডি করার পরামর্শ দিয়েছেন৷
খোকন জানান, টেলিফোনে তাঁকে এ ঘটনা নিয়ে আর কোনো পক্ষের কাছে সাক্ষী না দিতে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার দাবিতে গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
গতকালও আইনজীবীরা এসব দাবিতে সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আদালত বর্জন করেন।