আসামিরা গ্রেপ্তার না হলে কাজে যাবেন না ইন্টার্ন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে মৃত ব্যক্তির স্বজনদের নামে গতকাল শনিবার বিকেলে নগরের রাজপাড়া থানায় মামলা হয়েছে। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন। এতে মৃত ব্যক্তি মোশাররফ হোসেনের ছেলে, ভাতিজা ও ভাগনেসহ নয়জনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, চিকিৎসকদের অবহেলা বা ভুলের কারণে রোগীর মৃত্যু হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরার জন্য গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবিব, উপাধ্যক্ষ নওশাদ আলীসহ অন্য চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল্লাহ সরকার বর্ণনা দেনÑকী অসুখে, কীভাবে রোগীটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, ৯ এপ্রিল থেকে রোগীটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জন্ডিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ আরও নানা সমস্যা ছিল। রোগীর লোকজন গত শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। কিছু দূর যাওয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে তাঁরা ফিরে আসেন। বেলা ১টা ১০ মিনিটের দিকে তাঁকে আবার হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব ধরনের চেষ্টার পরও রোগীটি মারা যান। চিকিৎসায় কোনো ভুল ছিল না বা দায়িত্বে কোনো অবহেলা ছিল না।
ইন্টার্ন চিকিৎসকেরা কখন কাজে যোগদান করবেন? জানতে চাইলে হাসপাতালের পরিচালক বলেন, তাঁদের কিছু দাবি-দাওয়া রয়েছে। সেগুলো তাঁরা মেটানোর পদক্ষেপ নিচ্ছেন। এটা হলেই তাঁরা কাজে যোগ দেবেন। রোগীদের জিম্মি করে দাবি আদায় যৌক্তিক কি না? Ñজানতে চাইলে পরিচালক বলেন, রোগীদের জিম্মি করা হয়নি। তাদের চিকিৎসা চলছে। জরুরি বিভাগ খোলা রয়েছে। অস্ত্রোপচার চলছে। কিন্তু চিকিৎসকদের এটা চালিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবি হচ্ছে, যারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন খান (৬০) নামের এক রোগী মারা যান। এরপর তাঁর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসক সুব্রত কুমার দাস, ইন্টার্ন চিকিৎসক আরিফ ও সেবিকাদের মারধর করেন। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভ করেন ও কর্মবিরতিতে যান।