আসামিরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গৃহবধূ আম্বিয়াকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল সকালে উপজেলার ইছাদীঘি গ্রামে আম্বিয়াদের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর মা লিপি আক্তার মেয়ের শোকে কিছুক্ষণ পরপর বিলাপ করছিলেন। বলছিলেন, ‘আমার মাইয়ার সংসার ভালোই চলছিল। পাশের বাড়ির লিটন আমার সব শেষ কইরা দিল। আমার মাইয়ারে যে কাইরা নিছে, আল্লায় যানি তার বিচার করে।’আম্বিয়ার বাবা আমিনুল ইসলাম বলেন, ‘বিয়ের পর থেকেই প্রতিবেশী বখাটে লিটন মিয়া আমার মেয়েকে উত্ত্যক্ত করত। আমি তার বিচার চাই।’ গত শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে আম্বিয়ার লাশ দাফন করা হয়। আম্বিয়া হত্যা মামলার এজাহার অনুযায়ী, ৮ নভেম্বর লিটন, তাঁর বন্ধু সাইফুল ও রুবেল আম্বিয়াকে অপহরণ করে। পরে তারা আম্বিয়াকে ধর্ষণের পর হত্যা করে লাশ ইছাদীঘি গ্রামের ডাবাইলপাড়া এলাকায় বাড়ির পাশের কাঁঠালগাছে ঝুলিয়ে রাখে। গত বৃহস্পতিবার রাতে ওই গাছ থেকে আম্বিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গতকাল ‘গাছে ঝুলছিল গৃহবধূর লাশ’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় খবর ছাপা হয়।