আসামিরা গ্রেপ্তার হয়নি, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবি না মেটানোয় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল গ্রামে স্বামী ও শ্বশুর মিলে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর চুল কেটে শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে আসামি করে গত ২০ জুন বড়লেখা থানায় মামলা করেন গৃহবধূ। কিন্তু আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। এদিকে শ্বশুরবাড়ির লোকজন মামলা প্রত্যাহার করে নিতে গৃহবধূর স্বজনদের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার এজাহার ও গৃহবধূর স্বজনদের সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রথটিলা গ্রামের মৃত মখদ্দছ আলীর মেয়ে জিমারা বেগমের (১৯) সঙ্গে বড়লেখার বিওসি কেছরিগুল গ্রামের রুস্তম খানের ছেলে জাকির আহমদের (২২) বিয়ে হয় গত বছরের ২৫ জুলাই। বিয়েতে জাকিরের পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে কাঠের কিছু আসবাব ও ২০ হাজার টাকা দাবি করা হয়। অভাব-অনটনের কারণে জিমারার স্বজনেরা তা মেটাতে পারেননি। সে কারণে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই জিমারার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় গত ১১ জুন স্বামী ও শ্বশুর জিমারাকে একটি কক্ষে আটকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা কাঁচি দিয়ে জিমারার চুল কেটে দেন। পরে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালান তাঁরা। খবর পেয়ে ওই দিন বিকেলে স্বজনেরা জিমারাকে উদ্ধার করে জুড়ীতে নিয়ে আসেন। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। সুস্থ হয়ে ওঠার পর গত ২০ জুন জিমারা বাদী হয়ে স্বামী জাকির ও শ্বশুর রুস্তমকে (৫০) আসামি করে মামলা করেন। জিমারা ও তাঁর বড় ভাই আবদুল আলী গতকাল শুক্রবার অভিযোগ করেন, এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। উল্টো তাঁরা (আসামি) মামলা তুলে নিতে তাঁদেরকে মুঠোফোনে হুমকি-ধমকি দিচ্ছেন। এ ছাড়া এজাহার থেকে চারজন সাক্ষীর নাম পুলিশ কেটে দিয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ।