চট্টগ্রামে দরপত্র নিয়ে সংঘর্ষে জোড়া খুনের এক বছর
আসামিরা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী, তদন্তে ধীরগতি!
চট্টগ্রামের রেলওয়ের সিআরবিতে কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে দুই খুনের ঘটনার মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। আসামিরা সবাই ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী হওয়ায় তদন্ত চলছে শ্লথগতিতে।
আজ মঙ্গলবার ঘটনার এক বছর পূর্ণ হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উল্টো গ্রেপ্তার হওয়া আসামিরা একে একে জামিনে বেরিয়ে গেছেন। এজাহারভুক্ত অন্যতম আসামি অজিত বিশ্বাসসহ ৩১ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আসামিদের দলীয় পরিচয়কে বড় করে না দেখে অপরাধী হিসেবে দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। নইলে এ ধরনের অপরাধ সমাজে বাড়তে থাকবে।’
গত বছরের ২৪ জুন নগরের রেলওয়ে সিআরবিতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমনের গ্রুপের মধ্যে কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের সংঘর্ষে প্রাণ হারান সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে বাবর, লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত অজিত বিশ্বাসসহ চারজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত এজাহার হিসেবে নিতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মামলার আসামিরা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী হওয়ায় এক পক্ষ চাইছে আরেক পক্ষকে ফাঁসাতে। পুলিশ না পারছে কাউকে ধরতে। না পারছে তদন্ত শেষে প্রতিবেদন দিতে। এ কারণে তাড়াহুড়ো না করে পুলিশও ধীরগতিতে এগোচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, ‘দৃশ্যমান অগ্রগতি না থাকলেও তদন্ত অব্যাহত আছে।’
এজাহারভভুক্ত আসামিদের সবাই ছাত্রলীগ-যুবলীগের হওয়ায় রাজনৈতিক চাপে আছেন কি না জানতে চাইলে বলেন, ‘কিছু বলতে পারব না।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, তদন্ত শেষ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
এ দিকে গ্রেপ্তার হওয়া বাবর, লিমনসহ ৫৬ আসামি জামিনে বেরিয়ে যাওয়ায় বিচার নিয়ে শঙ্কিত নিহত ব্যক্তিদের পরিবার।