আসামিরা জবানবন্দি দিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম
শফিউল ইসলাম

অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় র্যাবের হাতে আটক আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন না। জবানবন্দি রেকর্ডের জন্য গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের আদালতে বসিয়ে রাখা হয়। কিন্তু তাঁরা জবানবন্দি দিতে রাজি হননি। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অথচ ঢাকায় র্যাবের হাতে আটক ছয়জন এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন।
আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এর বিচারক খালিদ হাসান খানের কাছে আসামি আরিফুল ইসলাম মানিক ও সবুজ, আদালত-৩-এর বিচারক শারমিন আক্তারের কাছে আসামি আবদুস সামাদ ও সিরাজুল ইসলাম এবং আদালত-৫-এর বিচারক জয়ন্ত রানীর খাসকামরায় আসামি মামুন ও সাক্ষী হিসেবে অমল কুমার কর্মকারের জবানবন্দি রেকর্ডের জন্য নেওয়া হয়। কিন্তু জবানবন্দি দেওয়ার আগে ভাবার জন্য যে সময় দেওয়া হয়, তার পরে তাঁরা কেউ আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। পরে সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, ঢাকায় আটক আসামিরা রাজশাহীতে আটক যে তিনজনের নাম বলেছিলেন, গতকাল তাঁদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগে রাজশাহীর তিনজন নিজেদের এড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু গতকাল মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় তাঁরা নিজেদের এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাবের হাতে আটক আসামিরা পুলিশের কাছে কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, রাজশাহীতে আসার পরও তাঁরা একই রকম বক্তব্য দিয়েছেন। তবে পুলিশের কাছে কী বলেছেন সেটা বড় কথা নয়, আদালতে ১৬৪ ধারায় যা বলবেন, সেটাই আমলে নেওয়া হবে।