আসামিরা জামিনে বেরিয়েই ফের মাদক ব্যবসা শুরু করছে
তিন হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ গত জানুয়ারি মাসে খিলগাঁও থেকে গ্রেপ্তার হয়েছিলেন এক মাদক ব্যবসাচক্রের প্রধান ছানাউল্লাহ ও তাঁর ১০ সহযোগী। সবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। গত সপ্তাহে ছানাউল্লাহ উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জানুয়ারিতেই গাবতলী থেকে আড়াই হাজার বোতল ফেনসিডিলভর্তি ট্রাকসহ গ্রেপ্তার হন মাদক ব্যবসায়ী খোকন চৌধুরী ওরফে ডিআইজি খোকন। গত এপ্রিলে জামিনে মুক্তি পেয়েছেন তিনিও। এ রকম উদাহরণ দেওয়া যাবে অনেক।সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক মামলার আসামিদের বেশির ভাগই এভাবে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তারা ঠিকানা পরিবর্তন করে আদালতে হাজিরা দেওয়া বন্ধ করে দেয়। পুলিশও তাদের খুঁজে পায় না। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানার পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুই হাজার ২৬৩ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে এক হাজার জনই আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছে। অবৈধ মাদকদ্রব্য উদ্ধার প্রতিরোধ দলের তদারকি কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ফেনসিডিল, হেরোইন, গাঁজা বা ইয়াবার বিশাল চালানসহ বড় ধরনের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও এদের ৮০ শতাংশই চার-পাঁচ দিন থেকে দেড় মাসের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে আবার ব্যবসা শুরু করে। সহজে জামিন পাওয়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠেছে। আসামিরা কারাবন্দী থাকা অবস্থায় বিচারকাজ সম্পন্ন হলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব। ডিবির এ কর্মকর্তা আরও বলেন, ধরা পড়া মাদক ব্যবসায়ীরা সঠিক স্থায়ী ঠিকানা দেয় না। জামিনে বের হওয়ার পর তারা বাসা বদল করে ফেলে। তদন্তের সময় এসব বিষয় ধরা পড়ে। এটিসহ বিভিন্ন কারণে অভিযোগপত্র দেওয়া যায় না। ফলে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। জামিনে মুক্তি পাওয়া পল্লবীর কালসী এলাকার নাম প্রকাশ না করার শর্তে একজন মাদক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, বকেয়া পাওনা আদায়ের জন্যই মূলত তারা এই পেশায় ফিরে আসে। কারণ মাদক সরবরাহ চালিয়ে না গেলে বকেয়া টাকা আদায় করা যায় না। গত সপ্তাহে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচ হাজারের বেশি বন্দী আছে। এদের মধ্যে চার হাজারই মাদকের মামলার আসামি। প্রতিদিন কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া আসামিদের ৬০ শতাংশই মাদকের মামলায় অভিযুক্ত।