আসামিরা নাগালে, ধরছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি শাফাত আহমেদের সঙ্গে কথা বলেনি পুলিশ। তবে তিনি বাসাতেই আছেন বলে জানিয়েছেন শাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ।

গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত পুলিশ ধর্ষণ মামলার পাঁচ আসামির একজনকেও গ্রেপ্তার করেনি। শাফাত ছাড়াও অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী (অজ্ঞাতনামা)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বনানী থানা থেকে অভিযুক্ত ব্যক্তিরা যেন দেশের বাইরে না যান, সে বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, আসামিরা দেশে আছেন। তাঁরা ছায়া তদন্ত করছেন। তাঁদের অবস্থান শনাক্ত করা গেছে।

গতকাল সোমবার শাফাতের বাবা দিলদার আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৮ মার্চ রাতে ছেলে জন্মদিনের পার্টি করতে বাইরে গিয়েছিলেন, এ কথা সত্য। বিপদে পড়তে পারে—এই আশঙ্কায় তিনি ছেলের সঙ্গে দেহরক্ষী আবুল কালাম আজাদকেও দিয়ে দিয়েছিলেন। গাড়িচালক বিল্লালও সঙ্গে ছিলেন। তবে তাঁর ছেলে ধর্ষণের সঙ্গে যুক্ত নন। পুলিশ তদন্তে গ্রেপ্তার করার মতো তথ্য-প্রমাণ পাচ্ছে না বলেই ছেলেকে ধরেনি বলে তিনি দাবি করেন।

দিলদার আহমেদ অলংকার শিল্পপ্রতিষ্ঠান আপন জুয়েলার্সের অন্যতম মালিক। তাঁর বড় ছেলে শাফাত আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক পাস করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন সম্প্রতি। তিনি জানান, পুলিশ গুলশানে তাঁদের বাসায় গিয়েছিল। নানা বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে শাফাত আহমেদের সঙ্গে কথা বলেনি।

শাফাত কোথায় জানতে চাইলে দিলদার বলেন, ছেলে বাড়িতেই আছেন। ধর্ষণ মামলার আসামি হওয়ার পরও ছেলেকে ধরিয়ে দিচ্ছেন না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। প্রমাণ না পেলে কীভাবে ধরবে?’ তিনি বলছেন, শাফাত আহমেদ নির্দোষ। শাফাতের সাবেক স্ত্রী তাঁকে ফাঁসাতে জন্মদিনের পার্টিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পাঠিয়েছিলেন। শাফাত বাবা-মাকে না জানিয়ে বছর দুয়েক আগে বিয়ে করেন। দুই মাস আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। পুলিশের ওপর প্রভাব বিস্তার করা এবং ঘুষ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন দিলদার আহমেদ।

মামলার তিন নম্বর আসামি সাদমান সাকিফও দেশে আছেন। তাঁর বাবা মোহাম্মদ হোসেন জনি বলেন, ছেলে কোথায় আছেন তা তিনি জানেন। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, শাফাত গুলশানে তাঁদের বাড়ির উল্টো দিকে থাকে। ঘটনার দিন বিদেশে একটি আইটি ফেয়ারে অংশ নিয়ে সাদমান দেশে ফেরেন। পরে শাফাতের অনুরোধে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। নির্যাতনের শিকার অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে তাঁর ছেলের বন্ধুত্ব দুই বছরের পুরোনো। সাদমানের মাধ্যমেই শাফাতের সঙ্গে তাঁদের পরিচয় হয়।

তবে সাদমানের বাবা বলছেন, ঘটনার সময় তাঁর ছেলে বনানীর হোটেল রেইন ট্রিতে উপস্থিত ছিলেন না। তিনি বাসায় ফিরে এসেছিলেন। ছেলে ধর্ষণ মামলার আসামি হওয়ার পরও তাঁকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন না কেন জানতে চাইলে মোহাম্মদ হোসেন জনি বলেন, তাঁর ছেলে ‘একটু’ ভয় পেয়েছেন। আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করবেন।

সাদমান সাকিফ রেগনাম গ্রুপের ব্যবস্থাপক। তাঁর বাবা মোহাম্মদ হোসেন জনি ওই গ্রুপের মালিক। রেগনাম গ্রুপের সিএনজি কনভারসন, টাইলস, আবাসন প্রতিষ্ঠান, কফি শপ ও রেস্টুরেন্টের ব্যবসা আছে।

ধর্ষণ মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ই–মেকার্স নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম চালান। তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে। গায়ক অরিজিৎ সিংকে ঢাকায় নিয়ে এসে কনসার্টের আয়োজন করেছিলেন তিনি। ফেসবুকে ই–মেকার্সের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নাঈম আশরাফের ছবি দেখা গেছে।

ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত ২৮ মার্চ রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বলে ৬ মে তাঁদের একজন বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনা ঘটে যাওয়ার এক মাসের বেশি সময় পর তাঁরা মামলা করেছেন অনেকটা বাধ্য হয়ে। বিশ্ববিদ্যালয়ে তাঁদের পরিচিত বন্ধুবান্ধব তাঁদের বলেছিলেন, ২৮ মার্চ রেইনট্রিতে একটি ঘটনা ঘটেছে বলে তাঁরা শুনতে পাচ্ছেন। তারপর তাঁরা মামলা করার সিদ্ধান্ত নেন।

মামলার বাদী বলেন, ওই রাতে শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাঁদের দুই বন্ধুকে শাফাত আহমেদ ও নাঈম আশরাফ ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য ধারণ করেন শাফাতের গাড়িচালক। তাঁরা আশঙ্কা করছেন, ওই ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে। লোকলজ্জার ভয়ে প্রথমে মুখ না খুললেও আরও বেশি হয়রানির ভয়ে তাঁরা থানায় যান।