আসামিরা প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন রবিউলের পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন।
রবিউল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউলের বড় ভাই শফিউল ইসলাম বলেন, ২০১৩ সালের ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে স্থানীয় রেজাউল, সাঈদ ও নিটুলের নেতৃত্ব সেতু, বাবলা, সোহাগ, রাজন, কাজল, সুরুজ, সাকিল, সুমন, জামিল ও মিঠু পরিকল্পিতভাবে রবিউলকে হত্যা করেন। এঁদের বিরুদ্ধে পরের দিন ১৫ এপ্রিল নগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ
মামলার আসামি সেতু, রেজাউল, সাঈদ, নিটুল ও রাজনকে গ্রেপ্তার করে। সেতু বাদে ওই আসামিদের সবাই জামিনে বেরিয়ে আসেন। বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। আসামিদের সবাই স্থানীয় ছাত্রদল ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি শফিউলের।