আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্তের দাগ এখনো শুকিয়ে পারেনি, আত্মীয়স্বজনের আহাজারি-আর্তনাদ থেমে যায়নি। প্রকাশ্য দিনের বেলায় যারা আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল, সেই হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। জামিন পেয়েই তারা মামলা তুলে নেওয়ার জন্য এখন আমাকে হুমকি দিচ্ছে। আমি এখন ভীতসন্ত্রস্ত ও দিশেহারা। আমার দেড় মাসের শিশু সন্তানের কী হবে, কে নেবে তার ভরণপোষণের দায়িত্ব?’গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে কথাগুলো বলছিলেন নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের নিহত সভাপতি আমিরুল ইসলাম অপুর স্ত্রী খাদিজা খানম। এ সময় খাদিজা খানমের বাবা হেলাল উদ্দীন মণ্ডল, মা শাফিয়া হেলাল, শ্বশুর আবদুল হালিম বিশ্বাস, ভাসুর তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতের কারণে গত ২০ মার্চ বেলা ১১টায় অপুকে শহরের মুচিপোল চত্বরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় খাদিজা খানম ১৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের একাংশ গত ২৮ মার্চ দুপুরে মুচিপোল চত্বরে দাঁড়িয়ে ৯৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। কিন্তু ৯৬ ঘণ্টা পার হতে না হতেই মামলার এজাহারভুক্ত আসামিরা গত ২৯ মার্চ হাইকোর্ট থেকে জামিন পায়। হাইকোর্ট আসামিদের ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ১০ এপ্রিল নড়াইলের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজিরা দেয়। আদালতের বিচারক অমূল্য কুমার সরকার হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে মুচলেকায় জামিনে মুক্তির আদেশ দেন।