ক্ষতচিহ্ন এখনো দগদগ করছে, বুকে বিদ্ধ হওয়া বোমার স্প্লিন্টার বের করা হয়নি। ভাই-ভাবি এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন। মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা এখন হুমকি দিচ্ছে। কথাগুলো বলছিলেন সমকাল-এর কালিয়া উপজেলা প্রতিনিধি, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠুর ছোট ভাই মনিবুল হক পলাশ। তিনি মামলার বাদী। অর্থাভাবে আহত মিঠু ও তাঁর স্ত্রীর সুচিকিৎসা হচ্ছে না বলে জানান তিনি।গত ১০ জুলাই রাত তিনটার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক মিঠু ও তাঁর স্ত্রী রীনা পারভীনের ওপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক সপ্তাহ পর মিঠুর ভাই মনিবুল হক পলাশ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, মামলার বেশির ভাগ আসামি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ক্রসফায়ারে নিহত শীর্ষ চরমপন্থী নেতা জুয়েল ও সন্তোষের সহযোগী। এরা মাদকব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, সরকারি জায়গার গাছকাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছরোয়ার হোসেন প্রথম আলোকে জানান, মামলার এজাহারভুক্ত আসামি রুবেল মীর নামের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলো কলাবাড়িয়া গ্রামের শের আলী, মনির মীর, ফারুক মীর, লাকি ওরফে মিলন মীর, হাসনাত মোল্লা, আজাদ মীর, আরিফ মীর, কেরামত হক, মেহেদী খন্দকার ও রিয়াজ খন্দকার।