আসামিরা মিছিলে ধরতে পারছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম হত্যা মামলায় নিরপরাধ ছাত্রদের আসামি করার অভিযোগে গতকাল বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। ওই মিছিলে হত্যা মামলার ছয়জন আসামিকেও অংশ নিতে দেখা যায়। কিন্তু হত্যাকাণ্ডের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বন্দ্বের জের ধরে গত সোমবার দুপুরে পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুলকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ছাড়া ছাত্রলীগ নেতা সুব্রত ও শামীমসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে গত মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চিত্রার মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগের একাংশ। এতে অংশ নেওয়া ছয় আসামি হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রওশন ইকবাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সজিবুর রহমান এবং সদস্য সালসাবিল আহমেদ, ইয়াসিন মোহাম্মদ ও এস এম জাবেদ উদ্দিন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে পথসভা করেন।