আসামিরা যুব ও ছাত্রলীগের থেমে আছে মামলার তদন্ত
দুই বছরেও ছেলে হত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষুব্ধ মিনতি পালিত। আর ছেলে খুনের বিচারের আশাই ছেড়ে দিয়েছেন আরেক মা আছিয়া বেগম। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় রেলওয়ের কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে প্রাণ হারান দুই মায়ের দুই ছেলে।
মামলার আসামিরা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী হওয়ায় ধীরগতিতে তদন্ত চলছে বলে নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ করেছেন। খুনের ঘটনার প্রায় দুই বছর পর গত মে মাসে কোতোয়ালি থানা থেকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত মাসে থানা থেকে নথি পাওয়ার পর তদন্ত শুরু করেছি। এখনো বলার মতো কিছুই নেই।’
প্রায় দুই বছর ধরে মামলাটির তদন্ত করেছেন কোতোয়ালি থেকে ডবলমুরিং থানায় সদ্য বদিল হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তদন্তের অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। এজাহারভুক্ত আসামিদের সবাই ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী হওয়ায় তাঁর ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল কি না, এ প্রশ্নেরও কোনো জবাব দিতে চাননি তিনি।
পুলিশের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, মামলার আসামিরা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী হওয়ায় এক পক্ষ চাইছে আরেক পক্ষকে ফাঁসাতে। পুলিশ না পারছে কাউকে ধরতে। না পারছে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিতে। এ কারণে তাড়াহুড়ো না করে পুলিশও ধীরগতিতে এগোচ্ছে।
তবে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, আলোচিত এ মামলাটির তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
এ মামলায় গ্রেপ্তার ৫৬ আসামির মধ্যে ৫৫ জনই জামিনে রয়েছেন। এজাহারভুক্ত আসামি অজিত বিশ্বাসসহ ৩১ জনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি ঘটনায় ব্যবহৃত কোনো অস্ত্র।
নিহত আরমানের মা আছিয়া বেগম থাকেন সিআরবি এলাকার বস্তিতে। মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তিনি। স্বামী রিকশাচালক। সেদিন তাঁর আট বছর বয়সী ছেলে আরমান বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে প্রাণ হারায়। দুই বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় বিচার নিয়ে আর মাথা ঘামান না তিনি। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘গরিবের ছেলেরে গুলি করে মারলে বিচার হয় না।’
সেদিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে নন্দনকাননের বাসা থেকে সিআরবি এলাকায় যান সাজু পালিত (২৮)। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান তিনিও। তাঁর মা মিনতি পালিত বলেন, ‘দিনদুপুরে শত শত লোকের সামনে ছেলেরে গুলি করে মেরে ফেলেছে। আর পুলিশ কিছুই করছে না। ছাত্রলীগ-যুবলীগ বলে আসামিরা পার পেয়ে যাবে?’
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সিআরবি এলাকায় কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষ হয়। দুই পক্ষই অস্ত্র নিয়ে মহড়া দেয়। সংঘর্ষে প্রাণ হারান সাজু পালিত ও শিশু আরমান। ঘটনার পরদিন বাবর ও লিমনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
দুই খুনের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি রাখা হয় আরও ৩০ থেকে ৪০ জনকে।
তদন্ত শেষ না হওয়া নিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের অসন্তোষের বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘দলীয় পরিচয় না দেখে আসামিদের আসামি হিসেবে দেখতে হবে। তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া যাবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় পরিচয়ের কারণে আসামিরা পার পেয়ে গেলে এ ধরনের অপরাধ বারবার ঘটতে থাকবে।’
আদালত সূত্র জানায়, ঘটনার চার মাসের মাথায় উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে যান ৫৬ আসামি। জামিনে গিয়ে ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাঁরা হলেন তারেক আজিজ, রবিউল ইসলাম, সাগর হোসেন, অজিত বিশ্বাস ও মোহন তাঁতি। এঁদের মধ্যে গত বছরের ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে সাগর হোসেনকে। এখন তিনি কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ২৮ জুন এই মামলার প্রতিবেদন দেওয়ার দিন ধার্য রয়েছে।