আসামিরা সভা করছেন পুলিশ বলছে পলাতক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গত ফেব্রুয়ারিতে জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি জামায়াতের তিন নেতাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এমনকি ১৫ সেপ্টেম্বর রংপুরে খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে ওই তিন নেতা বিভিন্ন স্থানে সভা করেছেন। তার পরও পুলিশ বলছে, আসামিরা পলাতক।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় মিঠাপুকুর থানায় দুটি পৃথক মামলা হয়। এর মধ্যে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের করা মামলায় ৩১ জনকে এবং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আলীর করা মামলায় ১৩১ জনকে আসামি করা হয়। এই দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫০ জন। দুটি মামলারই প্রধান আসামিদের মধ্যে অন্যতম তিনজন হলেন উপজেলা জামায়াতের আমির ও মিঠাপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াতের কর্ম পরিষদের সদস্য পীরগঞ্জের ভেন্ডামারী কলেজের প্রভাষক হাফিজুর রহমান এবং মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রামরায়েরপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক। পুলিশ এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসী জানান, জামায়াতের এই তিন শীর্ষ নেতা ১৫ সেপ্টেম্বর রংপুরে খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে সভা করেছেন এবং জনসভায় কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত ছিলেন। ৯ সেপ্টেম্বর আসামি হাফিজুর রহমান উপজেলার বৈরাগীগঞ্জে একটি পথসভা করেন। ১১ সেপ্টেম্বর গোলাম রব্বানি খোড়াগাছ এলাকায় একটি মিছিলে অংশ নেন। ৮ সেপ্টেম্বর এনামুল হক ও গোলাম রব্বানী বলদিপুকুর এলাকায় পথসভা করার পর বিক্ষোভ মিছিলে অংশ নেন। বর্তমানে তাঁরা উপজেলাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারছে না। মামলার বাদী মোসাদ্দেক আলী অভিযোগ করেন, মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। গ্রেপ্তার না হওয়ায় তারা নতুন করে সহিংসতার পরিকল্পনা করছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ওই দুটি মামলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিন আসামিকে গ্রেপ্তার না করার ব্যাপারে তিনি বলেন, সঠিক অবস্থান না জানার কারণে অন্য আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। মামলার অন্যতম জামায়াতের ওই তিন নেতা পলাতক রয়েছেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।