বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী সেঁজুতির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেঁজুতির মা হাফিজা বেগম। মামলার বাদী হাফিজা বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মামলা প্রত্যাহার না করলে তাঁর ও তাঁর ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রী লাইজুরও একই পরিণতি হবে বলে হুমকি দিচ্ছেন জামিনে ছাড়া পাওয়া আসামি মো. ফারুক মৃধা ও অশ্রু বেগম। তাঁদের সহযোগিতা করছেন সন্ত্রাসী ও পুলিশের দালাল বলে পরিচিত বিসমিল্লাহ কামাল। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় তিনবার সাধারণ ডায়েরি করেও কোনো ফল পাওয়া যায়নি। হাফিজা অভিযোগ করেন, দুই মামলার প্রধান আসামি নয়নের বাবা মো. ফারুক মৃধা ও মা অশ্রু বেগম ১৫ ডিসেম্বর বরিশাল জেলা ও দায়রা জজের অবকাশকালীন বেঞ্চ থেকে জামিনে বের হন। একই আদালত থেকে গত সোমবার জামিনে ছাড়া পেয়েছেন মামলার অপর আসামি হাসেম মৃধা ও বারেক মৃধা। ফারুক ও অশ্রু জামিনে মুক্তি পেয়েই বাড়ি এসে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়ে গেছেন। আসামি ও তাঁদের সহযোগীরা বলছেন, ‘মামলায় কিছুই হবে না, উল্টো তোদের ফাঁসানো হবে।’