আসামে গ্রেপ্তার ৭ 'জেএমবি সদস্য'
ভারতের আসাম রাজ্যের চিরং জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গত বৃহস্পতিবার পুলিশ জানায়, গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয় ওই সাতজনকে। তাঁরা হলেন জয়নাল আবেদীন (৩২), রেজ্জাক আলী (২১), সোলেমান আলী (২৮), দিলদার আলী (২৩), মো. নুরুল ইসলাম (২৭), রফিকুল ইসলাম (৩৩) ও উখিলুদ্দিন (৩৩)। তাঁদের মধ্যে জয়নাল আবেদীন ও রেজ্জাক আলী আমগুরি মসজিদের ইমাম ছিলেন। তাঁদের মধ্যে দুজন একটি ‘মসজিদের ইমাম’। তাঁরা জেএমবি সদস্যদের শারীরিক ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এক গোপন শিবির স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ বলেছে, এর আগে ১৬ এপ্রিল চিরং ও কোকরাঝাঁড় জেলা থেকে তারা সন্দেহভাজন চার জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছিল। তাঁরাও চিরংয়ে জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
বোরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্টসের (বিটিএডি) পুলিশ মহাপরিদর্শক এল আর বিষ্ণোই বলেন, ‘১৬ এপ্রিল গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদে আমরা নতুন ওই গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানতে পারি। বুধবার রাতে গ্রেপ্তার হওয়া সাতজনকে নিয়ে রাজ্যে এ পর্যন্ত ২৯ জঙ্গি সদস্যকে ধরা হলো।’