আসামে ফিরতে চান না উলফা নেতা অনুপ চেটিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া মাতৃভূমিতে ফিরতে চান না। আসামের স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ লাইভকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি এ তথ্য জানিয়েছেন তাঁর আইনজীবী সিগমা হুদা। সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপির নেতা নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ওই সাক্ষাত্কারে আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে উলফার বেশ কিছু জ্যেষ্ঠ নেতার দেখা হয়েছে। তাঁরা তাঁর কাছে আইনিসহ বিভিন্ন ধরনের সহায়তা চেয়েছিলেন। অনুপ চেটিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে প্রতিবেদন তৈরি করতে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন গৌহাটিভিত্তিক টিভি চ্যানেলটির ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জারির হোসেন। ওই সময় সিগমা হুদার এই সাক্ষাত্কার নেওয়া হয়। সিগমা হুদা বলেন, অনুপ চেটিয়া আসামে ফিরতে চান না। কারণ আসামে ফিরে গেলে তিনি নির্যাতনের শিকার হতে পারেন। তিনি টিভি চ্যানেলটিকে বলেন, এ অবস্থায় বাংলাদেশ সরকার তাঁকে ভারতের কাছে হস্তান্তর করতে পারে না। কারণ তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাঁর ওই আবেদনের ব্যাপারে আদালতে রিট আবেদন দাখিল করা হয়েছে। উলফার নেতাদের প্রসঙ্গে সিগমা হুদা বলেন, উলফার বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। বিভিন্ন সময় তাঁরা অনুপ চেটিয়ার আইনজীবীর কাছে আইনি সহায়তা ছাড়াও অন্যান্য সহযোগিতা চেয়েছেন।উলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়।