আসামে ১২ জন 'বাংলাদেশি' আটক
ভারতের আসাম রাজ্যের সোনিতপুর জেলার বিভিন্ন জায়গা থেকে কথিত ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সেখানকার পুলিশ সুপার সংযুক্ত পরাশর এ কথা জানিয়েছেন। খবর পিটিআই ও দ্য স্টেটসম্যানের।
পুলিশ সুপার পরাশর বলেন, আটক ‘বাংলাদেশি’ নাগরিকদের মধ্যে দুজনকে গত বৃহস্পতিবার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আরও তিনজনকে তেজপুর চানমারি এলাকা থেকে গত বুধবার এবং একজনকে ঠেলামারা এলাকা থেকে একই দিনে পাকড়াও করা হয়েছে। বাকি ছয়জনকে তেজপুর এলাকা থেকে গত কয়েক দিনে আটক করা হয়। দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে তাঁদের কোকরাঝার বন্দিশিবিরে পাঠানো হয়েছে।
‘বাংলাদেশি’ নাগরিকদের কি কারণে আটক করা হয়েছে এবং তাঁদের কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আসামের পুলিশ।
কথিত ওই বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তাঁরা হলেন রূপা পাল, ছায়া পাল, সুজাতা পাল, সায়ব আলী ও নুরুল আমিন।