আসামে ১৯১ জন 'বাংলাদেশি হিন্দু'র ভবিষ্যৎ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে ১৯১ জন ‘বাংলাদেশি হিন্দু’র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানকার আদালত ওই বাংলাদেশিদের অবৈধ অভিবাসী বলে ঘোষণা করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের আটক রাখা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, আরও অনেকের সঙ্গে ওই ১৯১ জন ‘বাংলাদেশি হিন্দু’ও ভারতে থাকার সুযোগ পাবেন। কিন্তু আটকাবস্থা থেকে তাঁদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া কী হবে, তা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যেসব হিন্দু ভারতে গেছেন, তাঁদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ১৯৫০ সালের পাসপোর্ট (ভারতে প্রবেশ) রুলস এবং ১৯৪৮ সালের ফরেনার্স অর্ডার গত সেপ্টেম্বরে সংশোধন করে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গত শনিবার বলেন, তড়িঘড়ি করে ওই সংশোধনী করা হয়েছে। এতে কেন্দ্রীয় সরকার অনেক বিষয় অমীমাংসিত রেখে দিয়েছে। এখন তর্কসাপেক্ষ প্রশ্ন হলো আদালত যাঁদের বিদেশি বলে ঘোষণা করেছেন, সংশোধিত আইন অনুযায়ী তাঁদের অবস্থা কী হবে? পুলিশ কি এখন অবৈধভাবে থাকা বিদেশিদের খোঁজে তল্লাশি করবে না?
গগৈ আরও বলেন, নির্দিষ্ট একটি শ্রেণির বিদেশি নাগরিকদের ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার জন্য ওই সংশোধনী হয়েছে। কিন্তু ওই বিদেশিরা কীভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বিষয় স্পষ্ট করতে হবে।