আসামেও সিলেট ছিল ‘স্বর্ণময়ী অঞ্চল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক আসাম গঠনে সিলেট ছিল গুরুত্বপূর্ণ এক জেলা। বঙ্গ প্রদেশের অন্যতম সমৃদ্ধ জেলা সিলেটকে আসামে অন্তর্ভুক্ত করা হয়েছিল রাজস্ব আয়ের জন্য। তখন ‘স্বর্ণময়ী অঞ্চল’ হিসেবে আখ্যায়িত ছিল সিলেট। গণভোটের মাধ্যমে সিলেটকে ফিরিয়ে দেওয়া হলেও করিমগঞ্জ, রাতবাড়ী ও পাথারিয়াকে ফিরিয়ে দেওয়া হয়নি। একইভাবে বাংলার দুই জেলা গোয়ালাপাড়া ও কাছাড় থেকে গেছে আসামে। সিলেটের প্রাচীন সংগঠন সিলেট স্টেশন ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ‘সিলেট-আসামের জানা-অজানা অধ্যায়’ শীর্ষক আলোচনা পর্বে উপস্থাপিত মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। সিলেট স্টেশন ক্লাবের সভাপতি নূরুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্ম দেব। ‘সিলেট-আসামের জানা-অজানা অধ্যায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আশফাক হোসেন। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, ১৯০৫ সালে আজকের বাংলাদেশ ও তৎকালীন আসাম নিয়ে গঠিত হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। ১৮৭৪ সালের আগে বাংলার তিনটি সীমান্তবর্তী জেলা ছিল গোয়ালাপাড়া, কাছাড় ও সিলেট। ওই সময় আসাম প্রদেশে প্রথমে গোয়ালাপাড়া ও কাছাড়কে অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে সিলেট অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু দেখা গেল, গোয়ালাপাড়া ও কাছাড় নেওয়া সত্ত্বেও আসামের রাজস্ব আয় অপ্রতুল। নতুন প্রদেশ চালানোর মতো দক্ষ জনশক্তির অভাব। ফলে এ প্রয়োজন মেটানোর জন্য তিন মাস পর বঙ্গ প্রদেশের অন্যতম সমৃদ্ধ জেলা সিলেটকে আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করা হয়। প্রবন্ধে বলা হয়, ওই সময় কলকাতা থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় একটি প্রবন্ধে বলা হলো, ‘আসাম নামক নতুন দেবীর সন্তুষ্টির জন্য বাংলার স্বর্ণময়ী অঞ্চল সিলেটকে বলি দেওয়া হয়েছে।’ ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেটের দুই-তৃতীয়াংশ ফিরিয়ে দেওয়া হলেও করিমগঞ্জ, রাতবাড়ী ও পাথারিয়া ফেরত দেওয়া হয়নি। একইভাবে বাংলার দুই জেলা গোয়ালাপাড়া ও কাছাড় থেকে গেছে আসামে। প্রধান আলোচক সুলতানা কামাল বলেন, ‘প্রাচীনকাল থেকে সিলেট একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে ইতিহাসে পরিচিত। ইতিহাসে এ অঞ্চলের সমৃদ্ধির কথা যথাযথভাবে উঠে এলেও নারীরা উপেক্ষিত হয়েছেন। ইতিহাস লেখেন পুরুষেরা, তাই নারীদের অবদান তাঁরা লেখেন না—এ রকম ধারণা আমরা পাই। ইতিহাসে নারীদের অবমূল্যায়ন ঘোচাতে এগিয়ে আসতে হবে। নারীদের কোনোভাবে অবমূল্যায়িতভাবে দেখার সুযোগ আর নেই।’ আলোচনা পর্ব শেষে বৃহত্তর সিলেটের বরেণ্য সন্তান হিসেবে চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা খলিলউল্লাহ খান, শিক্ষায় সিলেটের সাংসদ হাফিজ মজুমদার, সাংবাদিকতায় সালেহ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিতে জামিলুর রেজা চৌধুরী ও সংগীতে সুজেয় শ্যামকে সমঞ্চাননা দেওয়া হয়। সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ সমঞ্চাননা হস্তান্তর করেন। সমঞ্চাননা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভুইয়া ও সিলেটের পুলিশ সুপার মোহামঞ্চদ সাখাওয়াত হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ শনিবার বিকেলে ১২৫ জন শিল্পীর পরিবেশনায় ‘মুক্তির গান’ অনুষ্ঠান হবে। এরপর ক্রীড়াবিদ রণজিৎ দাস ও ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদকে সমঞ্চাননা দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের অনুষ্ঠান।