আসামের কারাগারে বন্দী ২৫ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিভিন্ন কারাগারে আটক ২৫ বাংলাদেশি দেশে ফিরে আসার জন্য ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছেন। আটক এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার অনুমতি দেওয়ার জন্য কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার দুটি চিঠি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। গতকাল রোববার কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশের হাইকমিশনের কাউন্সেলর বি এম জামাল হোসেইন গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে বলেছেন, ‘আসামের বিভিন্ন কারাগারে আটক ১৪ বাংলাদেশির নাম উল্লেখ করে সহকারী হাইকমিশনার চিঠি পাঠিয়েছেন। এসব বন্দীকে ছাড়তে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।’
তবে চিঠিতে যে ১৪ বাংলাদেশির কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে সিলেটের ডোনা মার্কেট এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন এবং জকিগঞ্জের বাসিন্দা শামীম আহমেদকে ১৩ অক্টোবর আরও আটজনের সঙ্গে ফেরত পাঠানো হয়েছে। এই ১০ জন আসামের শিলচরের কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন।
এরপর গত ২৫ অক্টোবর কাউন্সেলর জামাল হোসেইন আরেকটি চিঠি দিয়ে ১৭ বাংলাদেশির নাম উল্লেখ করে তাঁদের দেশে ফেরত পাঠাতে অনুরোধ করেন। তবে এর আগে ১৩ অক্টোবর এঁদের সাতজনকেই ফেরত পাঠানো হয়।
গত ২৫ অক্টোবর আরেক চিঠিতে ছয়জনের নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়। তবে ১৩ অক্টোবর সাত বছর বয়সী গোপাল বিশ্বাস নামের এক শিশুকে ফেরত পাঠানো হয়।
পত্রিকাটির হাতে তিনটি চিঠিরই কপি আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের হাইকমিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
আসামের সিটিজেন রাইটস প্রিভেনশন কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তবে এ কাজে একধরনের সমন্বয়হীনতা রয়েছে।