আসামের 'অনুপ্রবেশ' সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সাবেক ভারতীয় হাইকমিশনারদের অভিমত: মমতার জয় তিস্তা চুক্তির পথ প্রশস্ত করবে

আসামে বিজেপির উত্থান ও অনুপ্রবেশ বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মত প্রকাশ করেছেন ঢাকায় কাজ করে যাওয়া ভারতের সাবেক হাইকমিশনারদের কয়েকজন। তবে দীর্ঘমেয়াদে বিরূপ কিছু হবে না বলে তাঁরা আশাবাদী। তাঁরা এ-ও মনে করছেন, দ্বিতীয় দফার বিপুল জয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা বাড়িয়ে তিস্তা চুক্তির পথ প্রশস্ত করবে।

আসাম দখলের লড়াইয়ে বিজেপি বড় হাতিয়ার করেছিল উন্নয়ন ও ‘অনুপ্রবেশ’ সমস্যা। প্রতিটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতীয় ও রাজ্য নেতারা ‘অনুপ্রবেশ’কে বড় করে তুলে ধরেছিলেন। জয়ের পর ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার দুই বছরের মধ্যেই রাজ্যে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শেষ করবে। ‘অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করে ফেরত পাঠানোর অসমাপ্ত কাজও শেষ করার কথা বিজেপির নেতারা জানিয়ে দিয়েছেন।

পিনাক রঞ্জন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আসাম সীমান্তে কড়াকড়ি বাড়বে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের এতে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। কেননা, সীমান্তে বেড়া দেওয়া হবে ভারতীয় জমিতে। অবশ্য নদীপথে কীভাবে বেড়া দেওয়া হবে, তা এখনো জানি না।’ পিনাক রঞ্জনের কথায়, ‘বাংলাদেশের আপত্তির জায়গা অবশ্যই থাকবে পুশব্যাকের ক্ষেত্রে। কারণ, তারা “অনুপ্রবেশের তত্ত্ব” স্বীকার করে না। এ কারণেই কিছুটা উত্তেজনা হলেও হতে পারে। তা ছাড়া অনুপ্রবেশ ঠেকাতে বাড়াবাড়ি ও সেই কারণে গুলিতে কোনো বাংলাদেশির মৃত্যু হলে অবস্থা ঘোলাটে হতে পারে।’ ভারতের এই সাবেক হাইকমিশনার বলেন, ‘আসামে অনুপ্রবেশ সমস্যা আজকের নয় এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক, দ্বিপক্ষীয় সম্পর্কের খাতিরে এই সমস্যা বাংলাদেশের স্বীকার করে নেওয়া দরকার। সেই সঙ্গে দরকার সমস্যার সমাধানে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’

নির্বাচনের আগে ও পরে অনুপ্রবেশ নিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের কথাবার্তায় সাবেক হাইকমিশনার দেব মুখোপাধ্যায় কিছুটা চিন্তিত। তবে তিনি মনে করেন, ক্ষমতায় আসার জন্য অনেকে অনেক কিছু বললেও ক্ষমতায় আসার পর তাঁরা দায়িত্বশীল হয়ে পড়েন। প্রথম আলোকে তিনি বলেন, ‘রাজনীতি ও দেশ শাসন এক জিনিস নয়। ইতিহাসে আমরা দেখেছি, ভোটে জেতার জন্য অনেক কথা বলেও ক্ষমতায় এসে শাসক অন্য আচরণ করছেন। এ ক্ষেত্রেও তেমনই হওয়ার সম্ভাবনা। তা ছাড়া এটা মনে রাখা দরকার, কেন্দ্র ও আসামে এক দলেরই সরকার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির প্রধান কারিগর দুই দেশের দুই প্রধানমন্ত্রী। তাঁরা নিশ্চিতই এমন কিছু হতে দেবেন না, যাতে সম্পর্ক বিষিয়ে যায়।’

আসাম বিজেপির অনুপ্রবেশবিরোধী কর্মসূচি ঘিরে বাংলাদেশ-ভারতের সম্পর্কে নতুন করে কোনো ‘টেনশন’ শুরু হতে পারে কি না, সেই প্রশ্ন বিভিন্ন মহলে উঠলেও সাবেক হাইকমিশনাররা মনে করছেন, সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে দীর্ঘমেয়াদে তেমন আশঙ্কার খুব একটা কারণ নেই।

বীণা সিক্রিও অবশ্য একেবারেই শঙ্কিত নন। সাবেক এই হাইকমিশনার মনে করেন, দুটি দেশই এমন কিছু করতে রাজি নয়, যা সম্পর্ককে ঘিরে নতুন প্রশ্ন তুলবে। প্রথম আলোকে তিনি বলেন, ‘দুই দেশই শান্তিপূর্ণ সীমান্ত চায়। দুই দেশই বন্ধুত্বপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে বকেয়া বিষয়গুলোর মীমাংসা করছে। সীমান্তে বেড়া দেওয়া একটা পুরোনো বিষয়। সব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যখন সহযোগিতার রাস্তায় চলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এই ক্ষেত্রও বাদ যাবে না।’ তিনি বলেন, ‘দুই দেশই বাস্তববাদী। দুই দেশই বিশ্বাস করে, কোথাও কোনো সমস্যা বা মতানৈক্য যদি থাকে, তাহলে তার সমাধানের একমাত্র উপায় আলোচনায় বসা। কয়েক বছর ধরে দুই দেশ এটাই করছে।’

একই অভিমত সাবেক হাইকমিশনার রজিত মিটারেরও। তিনি মনে করেন, তিন-চার বছর ধরে ‘অনুপ্রবেশ’ অনেকটাই কমে গেছে। আছে যা তা চোরাচালান। কাজেই কাঁটাতারের বেড়া নিয়ে বিশেষ কোনো প্রভাব পড়বে বলে তাঁর মনে হয় না। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি শুনেছি নতুন সরকার কাউকে আর ঢুকতে দেবে না। তবে যাঁরা আছেন, তাঁদের চিহ্নিত করা ও ফেরত পাঠানো মুশকিল। ফেরত পাঠানো নিয়েও বিশেষ জেদাজেদি নতুন সরকার করবে না বলেই মনে হয়। কারণ, ইদানীং অনুপ্রবেশের হারও খুব কমে গেছে।’

চার সাবেক হাইকমিশনার তিস্তা চুক্তি নিয়েও সমান আশাবাদী। চারজনই মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁর দায়িত্ব পালন করবেন। বীণা সিক্রির কথায়, ‘মমতা আগেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি তিস্তা নিয়ে আলোচনায় প্রস্তুত। তা ছাড়া তিনি কোনো দিনই বলেননি তিস্তা চুক্তিতে সায় দেবেন না।’ দেব মুখার্জি বলেন, ‘ভোটের পর নিজের প্রতি মমতার আস্থা বহু গুণ বেড়ে গেছে। তাই দেশের স্বার্থে এবার তিনি তাঁর দায়িত্ব পালন করবেন।’ রজিত মিটার আবার মনে করেন, ‘নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই তিস্তা অসমাপ্ত কাজ। অনেক দিন ধরেই কথা চলছে। সবাই এই ভোটের জন্যই অপেক্ষা করছিলেন। এবার না হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না।’ পিনাক রঞ্জন বলেন, ‘বাংলাদেশও এই ভোটটার জন্য অপেক্ষা করছিল। তাদের বিশ্বাস, বল এবার গড়াতে শুরু করবে।’

​