আসিতেছে হুংকাররররর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক বনে এক বাঘ দম্পতি ছিল। একদিন হঠাৎ করে মারা গেল তারা। রেখে গেল একমাত্র সন্তানকে। 
মা–বাবাহারা ছোট্ট ছানাটাকে দেখে এক রাখালের খুব মায়া হলো। সে বাচ্চাটাকে নিজের ভেড়ার পালের সঙ্গে রেখে লালন–পালন করতে লাগল। বেশ ভালোই কাটছিল দিন। তবে বাঘের ছানাটা প্রাণী শিকার না করে ভেড়াদের দেখাদেখি ঘাস খেতে শুরু করল! ভুলে গেল সে একটা বাঘ! কিন্তু তার একটাই দুঃখ,
বাকি ভেড়াদের মতো তার মাথায় কোনো শিং নেই। সবাই তাকে শিং দিয়ে গুঁতো মারে, সে কিছুই
করতে পারে না!
একদিন বনের কিছু বাঘ ব্যাপারটা খেয়াল করল। তারা ছানাটাকে আড়ালে ডেকে বোঝাল, ‘তুমি ভেড়ার বাচ্চা নও, তুমি বাঘের বাচ্চা।’ তুমি একটা হুংকার দিয়ে দেখো, ভেড়ার পাল জান নিয়ে পালাবে। তাদের কথামতো বাঘের ছানাটি ভেড়ার পালের কাছে গিয়ে দিল গগনবিদারী এক হুংকার! অমনি সব ভেড়া পালিয়ে হাওয়া!
গল্পটা নিশ্চয়ই খুব সম্প্রতি কোথাও শুনেছেন মির্জা আব্বাস! তাই অকপটে বলে দিয়েছেন, খালেদা জিয়ার হুংকারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হয়ে যাবে। টিকে থাকতে পারবেন না। তবে এটা বলে ফেলার পরপরই তাঁর নিশ্চয়ই সেই রাখাল বালকের গল্পটিও মনে পড়ে গিয়েছিল। রাখাল পর পর অনেকবার বাঘ আসছে বাঘ আসছে বলে চিৎকার করে লোক জড়ো করে মজা নিত। ছুটে আসার পর লোকজন দেখত, বাঘের কোনো নাম–গন্ধও নেই! কিন্তু সত্যিই যখন একদিন বাঘ এল, তখন রাখালের ডাকে আর কেউ বিশ্বাস করল না, সাড়াও দিল না। বিএনপির বারবার হুংকার দেওয়ার ঘোষণার পরিণতি গল্পের রাখাল বালকের মতো না হয়ে যায় শেষমেশ!
মির্জা আব্বাস অবশ্য দুই দিন পরে বলতে পারেন, কই, অমন কথা তো আমি বলিনি! মিডিয়া আংশিক সত্য বলেছে। ব্যাপারটা অনেকটা এমন, কোচ তার এক খেলোয়াড়কে ডেকে বললেন, ‘তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর আমাকে সরিয়ে ফেলার হুংকার দিচ্ছিলে? এ কথা কি সত্য?’ খেলোয়াড় বলল, ‘না স্যার, পুরোপুরি সত্য না।’ কোচ বললেন, ‘তাহলে কোন অংশটি মিথ্যা?’ খেলোয়াড় ঘাড় চুলকাতে বলল, ‘স্যার, আমি ঘুমাচ্ছিলাম—এই অংশটা মিথ্যা!’
একদিন বিশিষ্ট এক রাজনৈতিক নেতা টিভিতে খবর দেখছিলেন। একটা খবরে তঁার চোখ আটকে গেল। পাশে বসা সহকারীকে বললেন, ‘দেখ দেখ, কোথাকার কোন আজাইরা লোক, কাজের বেলায় কোনো খবর নাই, আজাইরা হুংকার দিয়ে বেড়াচ্ছে!’ সহকারী বলল, ‘স্যার, এইটা আপনার ভাষণ, টিভির পর্দা ঝাপসা হওয়ায় নিজেরে চিনতে পারতেছেন না মনে হয়।’
এসব হুংকারের ঘোষণা শুনতে শুনতে জনগণ ক্লান্ত! তাদের অনুভূতি জানতে চাওয়ায় তাদেরই একজন বিরোধী দলের নেতাদের উদ্দেশে বললেন, ‘ভাই, অনেক বক্তৃতা করতে করতে আপনাদের গলা নিশ্চয়ই ব্যথা হয়ে গেছে! আসেন, গলাটা একটু টিপে দিই।’