বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগীতশিল্পী আসিফ আকবরের ওপর হামলার ঘটনায় কুমিল্লা জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এখন এ জেলায় বিএনপির প্রতিপক্ষ বিএনপি নিজেই।দলীয় সূত্রে জানা গেছে, আসিফের ওপর হামলার ঘটনায় তাঁর পক্ষ নিয়েছেন কুমিল্লা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক। অন্যদিকে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করায় তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ।জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আসিফের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনে দ্বিধাবিভক্তি ছড়িয়ে পড়েছে। এখন সরকারের নানামুখী কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমাদের একসঙ্গে মাঠে থাকার কথা। কিন্তু এক পক্ষ হামলার এবং আরেক পক্ষ মামলার প্রতিবাদে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। এটা কাম্য নয়।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী আক্ষেপ করে বলেন, গৃহ বিবাদের কারণে এখন কুমিল্লায় বিএনপির প্রতিপক্ষ বিএনপি নিজেই।জানা গেছে, গত ৩১ জানুয়ারি ছাত্রদলের একটি অনুষ্ঠানে উপস্থাপক দলীয় পরিচয় না দিয়ে আসিফ আকবরকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আসিফসহ চারজন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে আসিফ আকবর ওই দিন বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পর জেলা বিএনপির দুটি পক্ষ ওই দিন থেকে আলাদাভাবে কর্মসূচি দিয়ে আসছে। একপর্যায়ে আসিফ ৪ ফেব্রুয়ারি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন।এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ বলেন, ‘ঝড়ের বেগে একটি ঘটনা হয়ে গেল। অথচ আসিফ আমাকেই মামলার আসামি করলেন। তাঁকে কেন্দ্রীয় নেতারা মামলা না করার অনুরোধ করলেও তিনি কথা রাখেননি। আমি আশা করি, তাঁর ভুল ভাঙবে।’আসিফ আকবর বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সামনেই ঘটনা ঘটল, অথচ তাঁরা কোনো ভূমিকা নেননি। বিগত সংসদ নির্বাচনে আমিন উর রশিদের পক্ষে আমি ২৩টি পথসভায় বক্তব্য দিয়েছি। অথচ তাঁর শ্যালক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন, যা দুঃখজনক ও অনভিপ্রেত।’ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক বলেন, ‘দলের মধ্যে দ্বিধাবিভক্তি ছড়িয়ে দিয়ে একটি মহল বিএনপিকে শেষ করে দিতে চায়।’